বেনাপোলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের মানবিক উদ্যোগ: মৃত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0

বেনাপোল সংবাদদাতা ॥ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর মাসিক মিটিং ও বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের ১নং শেডের মিটিং রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ২ জন মৃত শ্রমিকের পরিবারকে এক লক্ষ টাকা এবং ৯ জন অবসরপ্রাপ্ত সাধারণ শ্রমিককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ড: ইদ্রিস আলী।

ইউনিয়ন সূত্রে জানা গেছে, সংগঠনের নিজস্ব তহবিল থেকে ৯ জন অবসরপ্রাপ্ত শ্রমিককে (বাবু মিয়া, মনিরুল, ইস্রাফিল, সামাদ, মাহাবুর, আঃ কাদের, মোজাফফার, আমিন ও সজল) ২০ হাজার টাকা করে প্রদান করে হাসিমুখে বিদায় জানানো হয়।

এছাড়া মৃত দুই শ্রমিক (মরহুম ছামছুর রহমান ও মরহুম আইয়ুব)-এর পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

ইউনিয়নের সাধারণ শ্রমিকরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এর আগে কোনো কমিটির পক্ষ থেকে এভাবে বিদায় সংবর্ধনা বা আর্থিক সহায়তা প্রদান করা হয়নি। ইউনিয়ন নেতৃবৃন্দের এমন মানবিক আচরণে তারা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে শ্রমিকদের ভাগ্যোন্নয়ন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমাদের নেতাকে অভিনন্দন জানিয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “শার্শা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই একজন শ্রমিকবান্ধব মানুষ। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি শ্রমিক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে এবং বন্দরে কাজের পরিধি বাড়ানো হবে যাতে শ্রমিকরা অধিক অর্থ উপার্জন করতে পারেন।”

এছাড়া ভবিষ্যতে কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শত শত সাধারণ শ্রমিক।