ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

0
আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিশেষ অনুরোধ জানানো হলেও বিসিবি তাদের আগের অবস্থান থেকেই সরে আসেনি। আজ মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স শেষে বিসিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের জন্য অনুকূল নয়। তাই খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে পুনরায় প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, আইসিসি জানিয়েছে যে বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই ঘোষিত হয়ে গেছে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকায় সংকটের সমাধান খুঁজতে দুই পক্ষ নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে বিসিবির এই কঠোর অবস্থান বিশ্ব ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।