চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সব সেনা সদস্যকে প্রত্যাহার

0
চুয়াডাঙ্গায় অভিযানে আটক ব্যক্তির মৃত্যু; তদন্তে উচ্চপদস্থ কমিটি গঠন করল সেনাবাহিনী ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সকল সেনাসদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আইএসপিআর জানায়, গত সোমবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসিতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে একটি ৯ মি.মি. পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের পরিবার ও বিএনপি নেতা-কর্মীরা একে ‘নির্যাতনে মৃত্যু’ বলে অভিযোগ করে রাত থেকেই বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় ওই ক্যাম্পের কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে দ্রুত সেনানিবাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। আইএসপিআর জানিয়েছে, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।