মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার, বসছে মেডিক্যাল বোর্ড

0
গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মিয়ানমার সীমান্তের রাখাইন রাজ্য থেকে আসা গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটির চিকিৎসার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড বসার কথা রয়েছে।

গত রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের তেচ্ছিব্রিজ এলাকায় খেলতে বের হয়ে মিয়ানমার থেকে আসা বুলেটের আঘাতে বিদ্ধ হয় হুজাইফা। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মস্তিষ্কে রয়ে গেছে। মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ ও অসহনীয় চাপ কমাতে ‘ডিকম্প্রেসিভ ক্রেনিয়েকটমি’ পদ্ধতির মাধ্যমে তার মাথার খুলির একটি অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়েছে।

চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, শিশুটির অবস্থা স্থিতিশীল নয়। সীমান্তের ওপারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে এপারের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুজাইফার পরিবার তার জীবন বাঁচাতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।