চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু, নেতা-কর্মীদের বিক্ষোভ

0
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে আটক হওয়ার পর শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত শামসুজ্জামান জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ‘হাফিজা ফার্মেসি’র মালিক। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তাঁর দোকান থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। পরে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভে ফেটে পড়েন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা হাসপাতালের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেন। জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী মাহমুদ হাসান খান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বেছে বেছে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং সেই নির্যাতনের মাত্রা সইতে না পেরেই ডাবলুর মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সেনাবাহিনী থেকে তাঁকে জানানো হয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় ডাবলু অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে; সেনাসদস্যদের উপস্থিতিতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মরদেহ মর্গে নিতে বাধা দিচ্ছেন এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।