খুলনায় বিএনপির নাগরিক শোকসভার প্রস্তুতিসভা

0

খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি এ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

বেগম খালেদা জিয়াকে হারিয়ে জাতি আজ এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং গণতন্ত্রকামী মানুষের আশার প্রতীক ছিলেন। তার আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়ার স্মরণে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠেয় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল সফলভাবে বাস্তবায়নে সোমবার সকালে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতিসভায় বক্তারা এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় এ প্রস্তুতিসভা হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান, শেখ আব্দুল আজিজ সুমন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু প্রমুখ।