জাইমা রহমানের নামে অর্ধশতাধিক ভুয়া ফেসবুক আইডি

0
জাইমা রহমানের নামে ৫০টিরও বেশি ফেক আইডি; আতঙ্কে নেটিজেনরা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি দেখা দিয়েছে। এসব ফেক আইডি ও পেজ থেকে রাজনৈতিক অপপ্রচার, স্পর্শকাতর বিষয়ে মিথ্যাচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন তাঁর ব্যক্তিগত ও পারিবারিক ভাবমূর্তি সংকটে পড়ছে, অন্যদিকে সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করে একটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, দেশ ও বিদেশ থেকে জাইমা রহমানের নামে বর্তমানে অর্ধশতাধিক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এর মধ্যে ‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’ ও ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’ নামগুলো উল্লেখযোগ্য। এসব পেজে ব্যবহারকারীরা জিয়া পরিবারের সদস্য ভেবে নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, জাইমা রহমানের মাত্র একটি অফিসিয়াল ফেসবুক আইডি রয়েছে, এর বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মে তাঁর কোনো অ্যাকাউন্ট নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর আগে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন যে, পরিকল্পিতভাবে জিয়া পরিবারের ইমেজ নষ্ট করতে এই বাণিজ্য চলছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান তিনি। আইসিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা মনে করেন, রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচনের আগে এই ধরনের অ্যাকাউন্টগুলো বড় ধরনের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত অ্যাকাউন্টটি ভেরিফাইড (ব্লু টিক) করার ওপর গুরুত্বারোপ করেছেন।