২০২৬ সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’

0
বুলগেরিয়ার রহস্যময় নারী বাবা ভাঙ্গা, যাঁর ২০২৬ সালের ভবিষ্যৎবাণী নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে আলোচনার ঝড়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বুলগেরিয়ার প্রয়াত ‘ভবিষ্যদ্দ্রষ্টা’ বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। অনুসারীদের দাবি অনুযায়ী, এই রহস্যময়ী নারী কয়েক দশক আগেই সতর্ক করেছিলেন যে, ২০২৬ সাল হবে পৃথিবীর জন্য ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর।

সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মানুষের যোগাযোগের সম্ভাবনা দেখে গিয়েছিলেন। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ, ইরানের বিক্ষোভ এবং গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার মতো সমসাময়িক ঘটনাগুলোর সঙ্গে তাঁর কথিত পূর্বাভাসের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। বিশেষ করে টিকটক ও এক্স-এর মতো প্ল্যাটফর্মে তাঁর এই সতর্কবার্তা এখন ভাইরাল।

১৯১১ সালে জন্ম নেওয়া এই নারী ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারানোর পর থেকে ‘দিব্যচক্ষু’ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। যদিও তাঁর ২০১০ সালে বিশ্বযুদ্ধ শুরুর মতো কিছু পূর্বাভাস অতীতে ভুল প্রমাণিত হয়েছে, তবুও টুইন টাওয়ার হামলা ও ওবামার ক্ষমতায় আসার মতো নির্ভুল পূর্বাভাসগুলো আজও বিশ্ববাসীকে ভাবিয়ে তোলে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক সংকটের ভীতি থেকেই মানুষ এই ধরনের অতিপ্রাকৃত তথ্যের দিকে ঝুঁকছে, তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।