দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা

0
ফ্রিল্যান্সারদের জন্য সরকারি ডিজিটাল আইডি কার্ড; উদ্বোধন আগামীকাল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও ফ্রিল্যান্সারদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই ডিজিটাল আইডি কার্ড ব্যবহার করে ব্যাংক ঋণ, ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উন্নত প্রশিক্ষণসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। ফ্রিল্যান্সারদের জন্য নিবেদিত বিশেষ পোর্টাল freelancers.gov.bd-এর নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে ‘পেনেট্রেশন টেস্টিং’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের সঙ্গে ব্যাংক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংযোগ আরও শক্তিশালী হবে। তথ্যপ্রযুক্তি বিভাগ মনে করছে, এই কৌশলগত জাতীয় উদ্যোগটি তরুণ সমাজের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের পথকে আরও মসৃণ করবে এবং ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।