বন্ধ এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি, চরম ভোগান্তিতে গ্রাহকরা

0
সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ; রান্নার গ্যাস নিয়ে বিপাকে গ্রাহক ।। ছবি: এআই জেনারেটেড

লোকসমাজ ডেস্ক ॥ এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ ও ডিলারদের হয়রানি বন্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি গ্যাস সরবরাহ ও বিক্রি বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের কোথাও নতুন করে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ী সমিতি দুই দফা দাবি পেশ করে। দাবিগুলো হলো— বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজির দাম নতুন করে সমন্বয় এবং প্রশাসনের মাধ্যমে ডিলারদের ওপর জরিমানা ও হয়রানি বন্ধ করা। নির্ধারিত ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে আজ সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা।

হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক ও রেস্তোরাঁ মালিকরা। রাজধানীর অনেক এলাকায় সিলিন্ডার মিলছে না, আবার কোথাও পাওয়া গেলেও রাখা হচ্ছে অতিরিক্ত দাম। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানিয়েছেন, আজ বিকেল ৩টায় বিইআরসির সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সমাধান না এলে এই ধর্মঘট অব্যাহত থাকবে।