মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিতে বলেছে বিসিসিআই

0
০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল মোস্তাফিজের ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সাম্প্রতিক রাজনৈতিক ও বিতর্কিত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ গোহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআই-কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

বিসিসিআই সচিব জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে তাদের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর বিনিময়ে কেকেআরকে নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়ানোর (প্লেয়ার রিপ্লেসমেন্ট) বিশেষ অনুমতি দেবে বোর্ড।

উল্লেখ্য, গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজকে কিনেছিল শাহরুখ খানের দল, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশির জন্য সর্বোচ্চ দাম।

তবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার জেরে ভারতে মোস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। ভারতের ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুর মোস্তাফিজকে সরানোর দাবি তোলেন এবং বিজেপি নেতা সঙ্গীত সোম কেকেআর মালিক শাহরুখ খানকে এ নিয়ে কড়া সমালোচনা করেন।

এর আগে বিসিসিআই সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানালেও আজ চূড়ান্তভাবে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা জারি করল। এর ফলে আইপিএলের আসন্ন আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে।