আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

0
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ; একটি বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের অবসান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিন মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ হয়ে পড়লে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, সিএনএন এবং দ্য গার্ডিয়ানসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো তাঁর মৃত্যুসংবাদ প্রধান শিরোনামে প্রচার করেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে তাঁকে ‘বাংলাদেশের রাজনীতির এক শক্তিশালী স্তম্ভ’ হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির প্রতি তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছিলেন।

১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে যুক্ত হন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা চালুর ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হলো।