বিজয় দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

0
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার পরপরই তাঁরা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সকাল ৬টা ৫৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

বিশ্ব রেকর্ডের হাতছানি: বিজয় দিবসের এবারের উদযাপন ঘিরে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে আজ বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। বেলা ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ ফ্লাই-পাস্ট এবং ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনী। বেলা ১১টা ৪০ মিনিটে বিশ্বের সর্ববৃহৎ পতাকা নিয়ে প্যারাশুটিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। জাতীয় এই উৎসবকে ঘিরে আজ দেশজুড়ে এক অনন্য উদ্দীপনা বিরাজ করছে।