স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তিন দফা দাবি তুলে ধরে।

তিন দফা দাবি তুলে ধরে সাদিক কায়েম বলেন, এসব দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন দেখাতে না পারলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার পাশেই ছিলেন।

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। হাদিকে গুলি করা ঘাতক ভারতে পালিয়ে গেলো কীভাবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা পরে কথা বলবো।’

আসামিরা দেশে আছে, নাকি বিদেশে পালিয়ে গেছে, বিষয়টি মানুষ এখন জানতে চাচ্ছেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবকিছু তো এখানে বলা যাবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আন্দোলনকারীদের প্রতিটি দাবি যৌক্তিক। এই দাবিগুলো গতকাল মিটিংয়েও আমরা বলেছি, এগুলো বেগবান করতে হবে। এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করবো।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ওসমান হাদি অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’