অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

0
বন্ডি সৈকতে বীরত্ব হামলাকারীর হাত থেকে রাইফেল ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক আহমেদ ।। ছবি : সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী বন্দুক হামলার সময় অবিশ্বাস্য সাহসিকতার জন্য প্রশংসায় ভাসছেন একজন মুসলিম পথচারী। ফলের দোকানি আহমেদ আল আহমেদ (৪৩) নামের এই যুবক জীবনের ঝুঁকি নিয়ে আকস্মিকভাবে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে রাইফেল ছিনিয়ে নেন, যার ফলে বহু মানুষের প্রাণ রক্ষা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা শার্ট ও প্যান্ট পরিহিত আহমেদ আল আহমেদ গাড়ি পার্কিং এলাকায় কালো শার্ট পরা এক সশস্ত্র হামলাকারীর দিকে দ্রুত ছুটে যান। পেছন দিক থেকে হামলা করে তিনি অস্ত্রটি ছিনিয়ে নিয়ে সেটিকে হামলাকারীর দিকেই তাক করেন। এরপর অস্ত্রধারী পিছু হটলে আহমেদ বন্দুকটি মাটিতে রেখে দেন।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস এই পথচারীকে ‘প্রকৃত নায়ক’ অভিহিত করে বলেন, “ভিডিওটি আমার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। তার সাহসিকতার কারণেই আজ রাতে অসংখ্য মানুষ বেঁচে আছেন।” অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও বিপদের মুখে এগিয়ে আসা অস্ট্রেলীয়দের প্রশংসা করে তাদের ‘নায়ক’ হিসেবে আখ্যা দেন।

হামলায় অন্তত ১১ জন নিহত ও আরও ডজনখানেক মানুষ আহত হন। হনুকা ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ নিশ্চিত করেছে, আরেকজন হামলাকারী আহমেদ আল আহমেদকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল, তবে পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অস্ত্রধারীকে নিরস্ত্র করার এই বীরোচিত পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও আহমেদ আল আহমেদ প্রশংসিত হচ্ছেন। অনেকে তাঁকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করে বলছেন, বেশির ভাগ মানুষ যেখানে বিপদ থেকে পালিয়ে যান, সেখানে এই যুবক বহু প্রাণ বাঁচিয়েছেন।

সূত্র: রয়টার্স।