নওয়াপাড়ায় যৌথবাহিনীর দেড় ঘণ্টার অভিযানে পরিত্যক্ত পিস্তল উদ্ধার

0

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়া শিল্পশহরে শনিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি (ইউএসএ) পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত টানা প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি নূরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নওয়াপাড়া বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওয়াপাড়া এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে একটি ইটের গাদার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ইউএসএ পিস্তলটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন বা গুলি পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুহুল আমিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

অভিযান পরিচালনা করেন অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি)-র কমান্ডার ক্যাপ্টেন আকিব আহম্মেদ আফনানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও অভয়নগর থানা পুলিশের সদস্যরা। অভিযানের সময় আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

যৌথবাহিনী সূত্র জানায়, উদ্ধার পিস্তলটি অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, অস্ত্রটি কারা, কী উদ্দেশ্যে এবং কতদিন আগে সেখানে রেখে গেছে- সে বিষয়ে তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকায় অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যৌথবাহিনীর তৎপরতায় এলাকায় অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।