শৈলকুপায় পেঁয়াজ ক্ষেতে পড়ে ছিল যুবকের লাশ

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারোইপাড়া গ্রামের মাঠ থেকে সোহাগ হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে পিতার সঙ্গে বারইপাড়া এলাকার মাঠে পেঁয়াজ লাগাতে যান সোহাগ। দুপুরের খাবার খেতে তার পিতা মনিরুল ইসলাম বাড়ি যান। এ সময় মনিরুল মাঠেই ছিলেন।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে আসেন। তখন পেঁয়াজক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে তাদের প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব ছিল। এই বিরোধের জেরে মাঠে একা পেয়ে সোহাগকে হত্যা করা হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।