নওয়াপাড়ায় মহাসড়কের ওপর ট্রাক পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান

0

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে অবাধে ট্রাক পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। রোববার সকালে শিল্পশহরের ভাঙাগেট সংলগ্ন টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একাধিক যানবহানের বিরুদ্ধে মামলা করা হয়। একই সঙ্গে মহাসড়কের ওপর অবৈধভাবে পার্কিং করা লোড ও খালি ট্রাক সরিয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান।

ওসি মো. ফজলুর রহমান জানান, ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযানের সময় কয়েকজন চালক অসন্তোষ প্রকাশ করলেও পুলিশ কঠোর অবস্থানে থাকে।

হাইওয়ে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও সাধারণ মানুষ। তারা বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর অবাধ ট্রাক পার্কিংয়ের কারণে চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। নিয়মিত অভিযান চালানো হলে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে।

নওয়াপাড়ার ভাঙাগেট সংলগ্ন টার্মিনাল এলাকা, চেঙ্গুটিয়া, সরদার মিল এলাকা, পাঁচ কবর, ধোপাদী মোড়, বেঙ্গল টেক্সটাইল মিল ও নওয়াপাড়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর অবাধে ট্রাক পার্কিংয়ের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল।