মহেশপুর সীমান্তে নজরদারি বৃদ্ধি

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণে জড়িত সন্ত্রাসীরা যাতে ভারতে পালাতে না পারে সে জন্য ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবি সূত্রে বলা হয়েছে, ঝিনাইদহ জেলায় ভারতের সঙ্গে ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে প্রায় ১১ কিলোমিটার কাঁটাতারের কোনো বেড়া নেই। মহেশপুর উপজেলার এসব সীমান্তে ইছামতি ও কোদালা নদী থাকায় ওসমান হাদিকে গুলি করার সঙ্গে জড়িতরা দুর্বৃত্তরা সহজে ভারতে পালিয়ে যেতে পারে। এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম রোববার সন্ধ্যায় জানান, সীমান্ত এলাকাগুলোতে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নেই এমন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত আসামিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৩টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া পেট্রোল ডিউটি দ্বিগুণ করা হয়েছে। এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।