সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর তাণ্ডব, হানুক্কাহ উৎসবে নিহত অন্তত ১০

0
রক্তাক্ত সিডনি আতঙ্কে শহরজুড়ে থমথমে অবস্থা, পুলিশি অভিযানে আহত এক বন্দুকধারী ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার সিডনি শহরতলির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। এই হামলার পর সিডনিজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যখন শত শত মানুষ উপস্থিত ছিলেন, ঠিক তখনই বন্দুকধারীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলার কিছুক্ষণ পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুলির শব্দ শোনা যাওয়ার সঙ্গে সঙ্গেই সৈকত থেকে মানুষজন জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন জানান, তিনি প্রায় ৫০টির মতো গুলির শব্দ শুনেছেন এবং অন্তত ১০ জনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে একজন বন্দুকধারী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে বন্ডি সৈকত এলাকায় পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জরুরি আহ্বান জানিয়েছে, সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এই হামলার ঘটনায় সিডনি শহরে আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিডনি কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো