নির্বাচনী প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
নির্বাচনী নিরাপত্তা জোরদার প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে তাঁদের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে, যারা ইতোমধ্যে অস্ত্র জমা দিয়েছেন, তাঁদের অস্ত্রও ফেরত দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি মন্তব্য করেন, “হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এ ধরনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”

এ সময় তিনি হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধাদের’ জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও তিনি নিশ্চিত করেন।উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।