নকল পণ্যে ভরা শীত বাজার প্রসাধনীতে মেয়াদ জালিয়াতি

0

স্টাফ রিপোর্টার ॥ শীতের শুরুতে ত্বকের যত্নের পণ্যের চাহিদা বাড়তেই যশোরের বাজার ছেয়ে গেছে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনীতে। বিশেষ করে শীতকালীন ক্রিমের প্যাকেটে চলছে মেয়াদ জালিয়াতি আর অবৈধ পণ্যের রমরমা বাণিজ্য, যা ভোক্তাদের স্বাস্থ্য ও পকেট উভয়কেই ঝুঁকিতে ফেলেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন শপিং মল ও মার্কেটে বিক্রি হওয়া বহু শীতকালীন ক্রিমের প্যাকেটে হিন্দিতে লেখা মূল্য ও নির্দেশনা রয়েছে। সাধারণত এসব পণ্য চোরাই পথে ভারত থেকে দেশে ঢুকছে। অভিযোগ রয়েছে, এসব পুরোনো ও দীর্ঘদিন পড়ে থাকা পণ্যের মেয়াদ পেরিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা নতুন করে মূল্য ও মেয়াদের ভুয়া স্টিকার লাগিয়ে বিক্রি করছেন। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ কম দামে এই নকল পণ্য এনে নতুন মোড়কে উচ্চমূল্যে বিক্রি করছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই পুরো প্রক্রিয়াটিকে ভোক্তা অধিকার আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করেছেন। তিনি জানান, অবৈধ আমদানি, স্টিকার পরিবর্তন এবং মেয়াদ জালিয়াতির বিরুদ্ধে অধিদফতর নিয়মিত অভিযান চালাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোক্তা অধিকার অধিদপ্তর ক্রেতাদের সতর্ক করে প্রসাধনী কেনার সময় পণ্যের মেয়াদ, মূল স্টিকারের অবস্থা, প্যাকেটের ভাষা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও আমদানির অনুমোদন যাচাই করার পরামর্শ দিয়েছে।