দাকোপের কলেজের শিক্ষা সফরের বাস কেশবপুরে উল্টে আহত ১২

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে খুলনার দাকোপ থেকে আসা শিক্ষা সফরের একটি বাস উল্টে ১২ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ত্রিমোহনী বড় চাঁদড়া মসজিদ এলাকায় পুলেরহাট-রাজগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

কেশবপুর থানার ওসি সুকদেব রায় জানান, খুলনার দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের শিক্ষা সফরের একটি বাস যশোর থেকে কেশবপুরের সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক গর্তে উল্টে পড়ে।

এসময় স্থানীয়রা এসে জানালার কাচ ভেঙে বাসের মধ্যে থাকা আরোহীদের উদ্ধার করেন। তাদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে তারা দাকোপের দিকে রওনা হন।

বাজুয়া সুরেন্দ্র নাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল রায় লোকসমাজকে জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে ৪টি বাসে করে কলেজের ২শ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী নিয়ে যশোরের ফুলের রাজধানী গদখালী ও বিমানবন্দর ঘুরে কেশবপুরের সাগরদাঁড়িতে যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় পড়ে।

এসময় তাদের ২ জন শিক্ষক, ৭ জন শিক্ষার্থী ও ৩ জন কর্মচারী আহত হন। আহতরা মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বাসটিতে ৫০ জন আরোহী ছিল।

বুধবার রাত সাড়ে ৭টার অধ্যক্ষ আরও জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা অন্য তিনটি বাসে দাকোপের উদ্দেশে রওনা হয়েছেন।

কেশবপুর থানার ওসি সুকদেব রায় আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের অসর্কতায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। উল্টে যাওয়া বাসটি ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।