যশোরে টেলিফোন বিল পরিশোধ না করায় তিন গ্রাহকের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে টেলিফোন বিল পরিশোধ না করায় যশোরের ৩ গ্রাহকের বিরুদ্ধে আদালতে আলাদা মামলা হয়েছে। বুধবার বিটিবিএল যশোরের উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) টেলিগ্রাফ আইনে এই ৩টি মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, যশোর শহরের সিটি কলেজ পাড়ার বল্লভ চন্দ্র সরকারের ছেলে পঙ্কজ কুমার সরকার, ঘোপ সেন্ট্রাল রোডের আতিয়ার রহমানের ছেলে জুয়েল হোসেন ও সদর উপজেলার জামতলা মোড় এলাকার ইউসুফ আলীর ছেলে হোসেন ইলেক্ট্রিকের মালিক হোসেন আলী।

৩ মামলায় উল্লেখ করা হয়েছে, সিটি কলেজ পাড়ার পঙ্কজ কুমার সরকার ২০১৫ সালের ১২ এপ্রিল বিটিসিএল’র সংযোগ নিয়ে ২০২২ সালে ৩০ জানুয়ারি পর্যন্ত ব্যবহার করেন। টেলিফোন সুবিধা ব্যবহারের কারণে তার কাছে বকেয়া বিল রয়েছে ৩১ হাজার ২৮১ টাকা। এ কারণে বিটিসিএল তার সংযোগ বিচ্ছিন্ন করে বকেয়া টাকা পরিশোধের নোটিশ দেয়। কিন্তু তারপরও তিনি বকেয়া বিল পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘোপ সেন্ট্রাল রোডের জুয়েল হোসেন ২০০০ সালের ২০ ডিসেম্বর বিটিসিএল’র সংযোগ নিয়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ব্যবহার করেন। তার কাছে বিটিসিএল’র বকেয়া পাওনা রয়েছে ৪৮ হাজার ৩৯৮ টাকা। তিনি বকেয়া পরিশোধ না করায় অনরুপ তার সংযোগ বিচ্ছিন্ন করে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারপরও তিনি বকেয়া বিল পরিশোধ করেননি।

এছাড়া জামতলা মোড় এলাকার হোসেন আলী ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি বিটিসিএল’র সংযোগ নিয়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ব্যবহার করেন। তার কাছে বকেয়া বিল পাওনা ৫৪ হাজার ৭৯৮ টাকা। তাকেও নোটিশ দেওয়া হলে বিল পরিশোধ না করায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।