যশোরে ভ্যাট সপ্তাহ শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে বুধবার উদযাপিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। একই সঙ্গে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্যাট সপ্তাহ। এ উপলক্ষে কমিশনারেট প্রাঙ্গণে সকাল ১০টায় সেমিনার ও সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল, যশোরের কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস হাউস বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্মকমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভ্যাট ব্যবস্থায় সচেতনতা বৃদ্ধির জন্য সরকার ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করছে। অনিবন্ধিত প্রতিষ্ঠান, অটোমেশনের ঘাটতি, রেয়াত শৃঙ্খলার অসংগতি, অতিরিক্ত অব্যাহতি এবং ইকমার্স থেকে ভ্যাট সংগ্রহের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যশোর কমিশনারেট গত বছরের মতো এবারও রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি আরও বলেন, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই-রিটার্ন, ই-রিফান্ড, ই-অডিট, ই-মেমেন্ট, ইএফডি ও ভ্যাট স্মার্ট চালানসহ ডিজিটাল সুবিধাগুলো গ্রহণে ব্যবসায়ীরা আরও উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান অতিথি জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদানই সবচেয়ে বেশি। ভ্যাটের প্রবৃদ্ধি অর্থনীতির অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত বহন করে উল্লেখ করে তিনি সঠিক ভ্যাট প্রদানের মাধ্যমে ব্যবসায়ীদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান। বিশেষ অতিথিরাও জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব তুলে ধরে সঠিক ভ্যাট আদায়ে সকলের সহযোগিতা কামনা করেন।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে সচেতনতামূলক টিভিসি প্রচার করছে যশোর কমিশনারেট। অংশীজনদের সহায়তায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি। অনুষ্ঠানটি সার্বি পরিচালনা করেন সহকারী কমিশনার পিয়াল দত্ত।