পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

0
দুই ছাত্র উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তাঁদের পদত্যাগের ফলে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন থেকে ২১ জনে নেমে এলো।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের সময় থেকেই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিরা এই পরিষদে স্থান পান। এর আগে ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হয়েছিলেন।

দায়িত্ব পালনের ইতিহাস:
মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান এবং পরে উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পান।

আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন।

রাজনৈতিক মহলের ধারণা ছিল, আগামীকাল তফসিল ঘোষণার আগে এই দুই উপদেষ্টা নির্বাচন করার উদ্দেশ্যে পদত্যাগ করবেন।

সূত্র: প্রথম আলো