বিভিন্ন স্থানে দুর্নীতি বিরোধী দিবস পালিত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার যশোরসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বিভিন্ন স্থান থেকে নানা কর্মসূচি পালনের সংবাদ দিয়েছেন আমাদের সংবাদদাতারা।

স্টাফ রিপোর্টার জানান, নানা আয়োজনে মঙ্গলবার যশোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালি ,আলোচনা সভা, শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক যশোর ও টিআইবির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহ উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন টিআইবির সাবেক সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সদস্য অধ্যাপক ফারহানা হক, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত জামান রায়া, সাবনুল নাহারিন সুলেরী, জিলা স্কুলের ছাত্র ফাইরুজ তাহসিন, কারেক্টরেট স্কুলের ছাত্র তানভীর হাসান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। তার আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

শার্শা(যশোর)সংবাদদাতা জানান, শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়েছে। দিবসটি বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু। প্রধান অতিথি ছিলেন ফজলে ওয়াহিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা শার্শা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কাস্টমস কমিশনার অটল গোস্বামী হাউস, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কামরুল হাসান পলাশ, দিপক কুমার সাহা, গুলসান-ই-জাহান, গোলাম ফারুক প্রমুখ। সাতক্ষীরা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল , সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) জানান, মনিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীন।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান প্রমুখ।

একইদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর আগ্নি-নিরাপত্তার মহড়া, দুপুরে কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্কাউট্স এর বেসিক কোর্সের উদ্বোধন, বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা ও বিকাল ৪টায় বীর মুক্তিযোদ্ধাদের পে-রোল অনুমোদন সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছা. রনী খাতুন।

নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়, নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে ও নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দুদক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) মো. মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমীন, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অশোক কুন্ডু প্রমুখ।

ঝিনাইদহ সংবাদদাতা জানান, ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এ দিবস পালিত হয়।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের পরিবেশনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, দুদকের উপপরিচালক তরুন কান্তি ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা প্রমুখ বক্তব্য রাখেন।

শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম খারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইমুন নিছা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, মনিরুজ্জামান চকলেট, শাহিনুর রহমান, মাওলানা ওসমান গণী সাঈফী প্রমুখ।