যশোরে প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকার ঝুলন্ত মরাদেহ উদ্ধার

0
নাদিয়া আক্তার নদী

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ইছালি রামকৃষ্ণপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদী (১৫)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে প্রেমিক নাজমুলের বাড়ির উঠানের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নদীর লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত নাদিয়া আক্তার নদী ইছালি রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকতুল মোল্লার মেয়ে ও ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

তাদের অভিযোগ, প্রেমিক নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ তিন বছর নদীর সঙ্গে সম্পর্ক রেখেছিল। সম্প্রতি নাজমুল তাকে প্রত্যাখ্যান করলে নদী বিয়ের দাবিতে সোমবার রাতে নাজমুলের বাড়িতে যায়। এ সময় প্রেমিক ও তার পরিবারের সদস্যরা নদীকে মারপিট করে হত্যা করে এবং ঘটনা ধামাচাপা দিতে গামছা ও ওড়না পেঁচিয়ে লাশ গাছে ঝুলিয়ে দেয়।

অন্যদিকে, নাজমুল ও তার পরিবারের সদস্যদের দাবি, মেয়েটি আত্মহত্যা করেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা-সেই রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।