পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক

0
সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান তিনটি গরু মালিকবিহীন অবস্থায় উদ্ধার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা বাজার মূল্যের তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার ভোর ৬টায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়। গরুগুলো সীমান্ত পিলার ৭৭৯/এসএ থেকে প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

বিজিবি জানায়, সুবেদার একাব্বর রহমানের নেতৃত্বে বড়শশী বিওপির একটি টহল দল দুটি ভারতীয় গরু আটক করে। একই সময়ে নায়েব সুবেদার মো. সোলায়মান আলীর নেতৃত্বে সরদারপাড়া বিওপির আরেকটি টহল দল একই এলাকায় পৃথক অভিযানে আরও একটি ভারতীয় গরু আটক করে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।