হ্যান্ডকাফ-শেকল পরিয়ে আরো ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

0
৬০ ঘণ্টা শেকল-হ্যান্ডকাফ পরিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ব্র্যাকের পক্ষ থেকে এই কর্মীদের পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা দেওয়া হয়।

ফেরত আসা এই বাংলাদেশিদের অধিকাংশই নোয়াখালী জেলার বাসিন্দা। এছাড়া সিলেট, ফেনী, শরিয়তপুর, কুমিল্লার মতো বিভিন্ন জেলার কর্মীও রয়েছেন। তাঁরা সবাই জানিয়েছেন, প্রায় ৬০ ঘণ্টা ধরে তাঁদের হাতে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে দেশে আনা হয়েছে। ঢাকা বিমানবন্দরে পৌঁছার পর তাঁদের শেকলমুক্ত করা হয়।

চলতি বছরে এর আগে আরও ২২৬ বাংলাদেশিকে একই প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছিল মার্কিন প্রশাসন। তাঁদের বেশিরভাগকেও একইভাবে হ্যান্ডকাফ ও শেকল পরানো হয়েছিল।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, এই ৩১ জনের মধ্যে অন্তত সাতজন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শরিফুল হাসান এই প্রক্রিয়াকে ‘অমানবিক’ উল্লেখ করে বলেন, “নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাতে হাতকড়া, পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক।”

তিনি আরও বলেন, “ব্রাজিলে যাদের কাজের নামে পাঠানো হচ্ছে, তাদের অধিকাংশই ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এজন্য একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করছেন, কিন্তু ফিরছেন শূন্য হাতে। যে এজেন্সি তাদের পাঠিয়েছিল এবং যারা এই অনুমোদন প্রক্রিয়ায় ছিল, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার আগে সরকারের সতর্ক হওয়া জরুরি।”

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। চলতি বছরের ২৮ নভেম্বর ৩৯ জন, ৮ জুন ৪২ জন এবং ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৩৪ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিল। ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়ে গেছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক