আপাতত ঢাকায় রেখেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

0
জটিল হৃদ্‌যন্ত্রের সমস্যা, ঢাকায় রেখেই চলছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার প্রক্রিয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, তাঁর হৃদ্‌যন্ত্রের জটিলতা গুরুতর পর্যায়ে থাকায় এবং কিডনি, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যা অপরিবর্তিত থাকায় বর্তমানে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিয়ে যাওয়ার জন্য শারীরিক অবস্থা উপযুক্ত নয়।

বর্তমানে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেখেই চিকিৎসা করা হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে প্রতিদিনই ডায়ালাইসিস দিতে হচ্ছে এবং কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আশা করা কঠিন। চিকিৎসকেরা এখনো তাঁর স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন।

এই পরিস্থিতিতে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপি বা পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে জার্মানভিত্তিক এয়ারলাইনস এফএআই এভিয়েশন গ্রুপের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল, সেটিও স্থগিত রাখা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র অনুযায়ী, যদিও এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় অবতরণ ও বুধবার উড্ডয়নের জন্য অনুমতি পেয়েছিল, তবে শারীরিক অবস্থার কারণে এই সূচির পরিবর্তন হয়েছে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিন হাসপাতালে গিয়ে চিকিৎসার তদারকি করছেন। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে চিকিৎসা দেখভাল করছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক