যশোরের ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোমবার প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ছয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয় দলটি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ এবং সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা বেলায়েত হোসেন।

বক্তারা বলেন, তাদের প্রধান লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তারা আরও জানান, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণকে একত্রিত করে সাম্য ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করাই তাদের মূল উদ্দেশ্য।

দলটি আগামী দিনে যশোরের সীমান্ত এলাকায় মাদক ও নিরাপত্তাজনিত সমস্যার সমাধান, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার সংকট নিরসন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার এবং সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠতার বিভেদ ভেঙে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা ও স্ব স্ব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যশোর-১ আসনের প্রার্থী মাওলানা নাজির উদ্দিন, যশোর-২ আসনের প্রার্থী মাওলানা রুহুল কুদ্দুস, যশোর-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা রমীজ উদ্দিন, যশোর-৪ আসনের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, যশোর-৫ আসনের প্রার্থী প্রভাষক মাওলানা আব্দুল করিম এবং যশোর-৬ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাই।