‘হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা সুইচ নেই’: আইনশৃঙ্খলা বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য

0
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ হত্যা বা অপরাধ বন্ধে কোনো ম্যাজিক বা ‘সুইচ অন-অফ’-এর মতো কোনো প্রক্রিয়া নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এমন কিছু থাকলে তিনি সব অপরাধ বন্ধ করে দিতেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন বলে নয়, নির্বাচনের আগেও এ ধরনের ঘটনা ঘটছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। নির্বাচনের আগে এগুলো সব বন্ধ হয়ে যাবে, তা-ও আমি বলতে পারি না।”

তিনি রংপুরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান। নিহতদের এক সন্তান পুলিশে এবং অপর সন্তান র‍্যাবে কর্মরত বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি ভালো এবং সব বাহিনী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যে শেষ হবে। তিনি আরও জানান, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়া, তিনি বলেন, নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ না থাকলে বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, নির্বাচনের জন্য ‘বডি ক্যামেরা’ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্বাচনে বডি ক্যামেরা থাকবে।

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দূর না হওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, “এটা দূর করতে পারছি না শুধু আপনাদের (গণমাধ্যম) জন্য। আপনারা খালি বলবেন যে এই নির্বাচন হবে। আপনারা প্রচার করে থাকবেন।”