খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে

0
মঙ্গলবার সকালে ঢাকায় আসছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার (৮ ডিসেম্বর) সকালে জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। তবে প্রয়োজন হলে বিমানটি একই দিন রাত ৯টার পর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিতে প্রস্তুত।

যদিও এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি পাওয়া গেছে, কিন্তু খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সম্পূর্ণভাবে তাঁর বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও জানান, স্বাস্থ্যের অগ্রগতি বিবেচনা করেই বিদেশযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মেডিকেল বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস-সংক্রান্ত জটিলতাগুলো স্থিতিশীল নয়। তাঁর সর্বশেষ অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি কোনটিই না দেখা যাওয়ায় এবং দীর্ঘ যাত্রার ঝুঁকির কারণে চিকিৎসকেরা বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় বারবার পিছিয়ে দিচ্ছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখনও আশঙ্কামুক্ত নন। স্বাস্থ্যগত এই অনিশ্চয়তার কারণে বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তন হচ্ছে।