আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে। এ উপলক্ষে জয়তী সোসাইটির উদ্যোগে রোববার একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পঙ্গু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে মানববন্ধনটি শহরের মুজিব সড়ক, চৌরাস্তা, চারখাম্বার মোড়, ফায়ার সার্ভিস, সার্কিট হাউজ মোড়, ভোলা ট্যাঙ্ক রোড, চারখাম্বার মোড় পর্যন্ত বিস্তৃত ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, আদিকাল থেকে নারীরা নির্যাতিত হয়ে আসছে। শ’শ বছর ধরে, যুগের পর যুগ ধরে মহামানবরা আবির্ভূত হয়ে নারীদের এগিয়ে নিয়ে এসেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বেগম রোকেয়া।

তারা আরও বলেন, শুধু পুরুষের মধ্যেই নয়, নারীর মধ্যেও রয়েছে পুরুষতান্ত্রিকতা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। বৈষম্য কিংবা সহিংসতা নয়, নারী-পুরুষের মাঝে পারস্পরিক সহাবস্থান ও বৈষম্য দূর করে আমরা এগিয়ে যাব, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে এটিই হোক আমাদের অঙ্গীকার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক অনিতা মল্লিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ. সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশিদ, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ শামসুদ্দিন জ্যোতি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, জেলা এনজিও সমন্বয়কারী শাহাজাহান নান্নু, শিক্ষক শ্রাবণী সুরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।