কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুর পৌর যুবদল নেতা অলিয়ার রহমান উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

তিনি বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর শুক্রবার রাতে জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৫) বছর। মৃত্যুকালে স্ত্রী ও ৪ বছরের এক শিশু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজের আগে অংশগ্রহণ বক্তব্য দেন. বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু, জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি ওজিয়ার রহমান প্রমুখ।