আন্তঃকলেজ ফুটবলে যশোরে চ্যম্পিয়ন হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ

0

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে যশোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ। রানারআপ হয়েছে উপশহর কলেজ। শনিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপশহর কলেজকে ৩-১ গোলে পরাজিত করে হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ।

ফাইনালে উপশহর কলেজ শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি। প্রথমার্ধের খেলার ৬ মিনিটে তানভীরের গোলে ১-০ তে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের খেলার বাকি সময় জুড়ে খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। খেলার ২৯ মিনিটে বাধন হোসেনের গোলে সমতায় ফেরে তারা। চার মিনিট পর তানভীরের গোলে ২-১ এ এগিয়ে যায়।

৪৬ মিনিটে উপশহরের গোলরক্ষকের ভুলে আবারও গোল পায় আল হেরা ডিগ্রি কলেজ। ডি বক্সের মধ্যে থেকে আল হেরা ডিগ্রি কলেজের রাব্বির শট উপশহরের গোলরক্ষক দুই হাতে ধরতে পারেনি। তাতে বল জালে জড়িয়ে যায়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের রাব্বি সরদকার। একই দলের বাধন হোসেন বাপ্পী সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

এছাড়া গোলরক্ষক ফয়সল আহম্মেদ হয়েছেন সেরা গোলরক্ষক। খেলা শেষে যশোরের সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় দুই কলেজের শিক্ষকবৃন্দ, সাবেক-বর্তমান ফুটবলার, খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।