নির্বাচনের ‘নতুন মানদণ্ড’ তৈরি করতে হবে: প্রধান উপদেষ্টা

0
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে ৬৪ জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত এসপিদের সঙ্গে মতবিনিময় কালে।

লোকসমাজ ডেস্ক ॥ বিগত সময়ের নির্বাচন নিয়ে নানান সমালোচনার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, সে অবস্থা থেকে বেরিয়ে এসে নির্বাচনের একটি ‘নতুন মানদণ্ড’ তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনগুলো আমরা সবাই দেখেছি। কেউ প্রহসনের নির্বাচন বলে, কেউ বলে প্রতারণা আর তামাশার নির্বাচন। সেখান থেকে বেরিয়ে অনেক উপরে উঠে আমাদের একটি নতুন মানদণ্ড তৈরি করতে হবে। সেই পরিবর্তন নিয়ে আসাই পুলিশ বাহিনীর বড় দায়িত্ব, বলেন তিনি।

তার মতে, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন।

প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আসন্ন নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবো।

সরকারপ্রধান বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের সময় একই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে, যা আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। গণভোটের মধ্য দিয়ে আমরা যে নতুন ভিত্তি পাবো সেটা শতবর্ষ ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

নির্বাচনে বিদেশ থেকে অনেক প্রতিনিধিদল, নির্বাচন পর্যবেক্ষক আসবেন তুলে ধরে তিনি বলেন, তারা যেন এই নির্বাচনকে একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ সুপারদের কাজ করে যেতে হবে।