ঝিনাইদহে গুদাম থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার

0

শৈলকূপা, ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে শৈলকূপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। অভিযানের সময় উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

পুলিশ জানায়, শৈলকূপার বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালায় সেনাবাহিনী।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির জন্য গোপন গুদামে এসব সার মজুদ করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত ঘোষ জানান, অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ ধরণের তৎপরতা বন্ধ করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।