নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে: প্রেস সচিব

0
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

লোকসমাজ ডেস্ক ॥ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদ লিংক শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করছি। আশা করছি নির্বাচন কমিশন দ্রুত তফসিল ঘোষণা করবে।’

তিনি আরও বলেন, নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে। রেকর্ডসংখ্যক নিরাপত্তা বাহিনী ছাড়াও এবার নির্বাচনকালে সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে মোতায়েন থাকবে। নতুন জেলা     প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিয়োগও সম্পন্ন হয়েছে, যার বিষয়ে উল্লেখযোগ্য কোনো আপত্তি ওঠেনি।

প্রেসসচিব জানান, বেশিরভাগ রাজনৈতিক দল ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে এবং নির্বাচন প্রচারণা শুরু হয়েছে। জুলাই চার্টার গৃহীত হওয়ার পর নতুন রাজনৈতিক সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে, একই সঙ্গে গণভোটের প্রস্তুতিও চলছে।

তিনি আরও উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া হলে নির্বাচন ‘অবিশ্বাসযোগ্য’ হয়- এমন ধারণার সঙ্গে সরকার একমত নয়। প্রেসসচিব দাবি করেন, আন্তর্জাতিক সহযোগীরাও মনে করেন ক্ষমাপ্রার্থনা ও বিচার ছাড়া আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে না।