শার্শায় কবরস্থান থেকে ৬টি ককটেল উদ্ধার

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে একটি কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সকালে কবর জিয়ারত করতে যাওয়া স্থানীয় দুই ব্যক্তির মাধ্যমে এসব ককটেলের সন্ধান মেলে।

জানা যায়, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী রোববার সকাল ১০টার দিকে তাদের পিতার কবর জিয়ারতের জন্য গোগা বাগানপাড়ার কবরস্থানে যান। জিয়ারতের সময় তারা কবরের পাশে কাঠের গুঁড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর সময় এর ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখে তাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তারা দ্রুত গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।

বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শার্শা থানার এসআই (নিঃ) মো. জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে পুলিশ কবরস্থান ও আশপাশের এলাকা তল্লাশি করে মোট ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এ ঘটনা প্রসঙ্গে জানান, “বিস্ফোরকগুলো কোথা থেকে এলো এবং কারা সেগুলো রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।”

এদিকে, কবরস্থানের মতো পবিত্র স্থানে এমন বিস্ফোরক পাওয়ার ঘটনায় গোগা গ্রাম ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।