মেহেরপুরের অনলাইন জুয়াড়ি সহযোগীসহ সাতক্ষীরায় আটক

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার খানপুর থেকে মেহেরপুরের অনলাইন জুয়াড়ি মুরশিদ আলম লিপু গাজীকে তার সহযোগীসহ আটক করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড়ে একটি অটোরিকশা থেকে পুলিশ মেহেরপুরের অনলাইন জুয়াড়ি মুরশিদ আলম লিপ গাজী ও তার সহযোগী মুছাঈদ আলমকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৬ টি মোবাইল ফোন ও ৩ টি ল্যাপটপ জব্দ করা হয়।

আটক অনলাইন জুয়াড়ি মুরশিদ আলম লিপু গাজী (২৮) মেহেরপুরের মুজিবনগর থানার কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে। তার অপর সহযোগী মুছাঈদ আলম (৩০) মুজিবনগর থানার বামনপাড়া (খন্দকার পাড়া) গ্রামের মাতুনুল আলমের ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, মেহেরপুরের অনলাইন জুয়াড়ি মুরশিদ আলম লিপু গাজী তার এক সহযোগীসহ সাতক্ষীরায় আত্মগোপনে আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যৌথভাবে অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা বিভিন শ্রেণিপেশার লোকদের আর্থিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছে।

তাদের দখল থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়। আসামিরা দীর্ঘ দিন যাবৎ অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। লিপুর নামে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। শনিবার বেলা ২টার দিকে সাতক্ষীরা পুলিশ কনফারেন্স রূমে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।