আর এন রোড জুনিয়র নাইট ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্রেট হান্টার

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর আর এন রোড ক্রীড়া চক্র আয়োজিত জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্টে (সিজন-২) চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে গ্রেট হান্টার।

বুধবার রাতে শহরের আর এন রোড নতুন বাজারে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনালে তারা রাইজিং স্টারকে ৬১ রানে পরাজিত করে।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গ্রেট হান্টার নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিয়াজ ৩১টি বল মোকাবেলা করে ১৩টি ওভার বাউন্ডারি এবং ২টি বাউন্ডারি হাঁকিয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন। বল হাতে রাইজিং স্টারের মুরাদ ২টি এবং মাহিম ১টি উইকেট লাভ করে।

জয়ের জন্য রাইজিং স্টার ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে রায়হান ১৮টি বল মোকাবেলা করে ৬টি ওভার বাউন্ডারি এবং ৩টি বাউন্ডারি হাঁকিয়ে সর্বোচ্চ ৪২ রান করেন। বল হাতে গ্রেট হান্টারের আলিফ ১টি উইকেট লাভ করে।

চ্যাম্পিয়ন দলের নিয়াজ ম্যাচসেরা এবং রানার আপ দলের মাহিম টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ। সভাপতিত্ব করেন আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও টুর্নামেন্টের আয়োজক এজাজ উদ্দিন টিপু, সাবেক ক্রিকেটার খান মো. শফিক রতন, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, সামাজিক ব্যক্তিত্ব অ্যাড. শহীদ আনোয়ার প্রমুখ।