বিএনপি নেতা মোহাম্মদ মুছার দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

0

মজনুর রহমান,মনিরামপুর(যশোর)॥ হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রোববার দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে যশোরের মনিরামপুরে আটঘরা গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মার কবরের পাশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা মোহাম্মদ মুছার দাফন সম্পন্ন হয়।

সকাল ১১ টায় নেঙ্গুড়াহাট ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় দফায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় মাদ্রাসার বিশাল মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রিয় নেতা মোহাম্মদ মুছার জানাজায় অংশ নেন। এতে ইমামতি করেন নেঙ্গুড়াহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ আব্দুর রউফ। মোহাম্মদ মুছা আটঘরা গ্রামের মৃত সুরোত আলী সরদারের আট সন্তানের(সাত ভাই ও এক বোন) মধ্যে সবার বড়।

জানাজার আগে চালুয়াহাটি ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান, নেঙ্গুড়াহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর অলোকপাত করে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, অ্যাডভোকেট এমএ গফুর, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাব্লু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, বিএনপি নেতা কফিল উদ্দিন, ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, ঢাকাস্থ মনিরামপুর সমিতির সম্পাদক ড.মিজানুর রহমান, মোহাম্মদ মুছার বড় ছেলে কামরুজ্জামান শাহিন ও ছোট ছেলে মঈনুল ইসলাম মঈন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল বারী রবু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, ইফতেখার সেলিম অগ্নি, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, শামছুজ্জামান শান্ত, আবু বক্কর সিদ্দিকী, খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, শামছুর রহমান রনি, মোতালেব হোসেন আসাদুজ্জামান রয়েল প্রমুখ।

পরে আটঘরা গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মার পাশে মোহাম্মদ মুছার দাফন সম্পন্ন হয়।

বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ মুছা অসুস্থ হয়ে গত বুধবার যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইন্তিকাল করেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত শোক প্রকাশ করেছেন।