যশোর কারাগারে গাঁজাসহ প্রবেশকালে কর্মচারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ ১শ গ্রাম গাঁজা শরীরে লুকিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় আটক হয়েছেন কর্মচারী আব্দুস শুকুর। গেটে কর্মরত সহকারী প্রধান কারারক্ষী তাকে আটক করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আটক আব্দুস শুকুর যশোর কেন্দ্রীয় কারাগারে সিভিল স্টাফ (কামার) হিসেবে কর্মরত। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনির টেক এলাকার মৃত সহিম উদ্দিনের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, আব্দুস শুকুর কারাগারের ভেতর কামারের কাজ করে থাকেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য সোমবার সকালে ভেতরে যাচ্ছিলেন। প্রবেশের সময় কারা ফটকে কর্তব্যরত সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এ সময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সাথে সাথে তাকে আটক এবং পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে কারাগারের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি কারা অধিদফতরকে জানানো হয়েছে। পরবর্তীতে অধিদফতর এ বিষয়ে ব্যবস্থা নেবে।

কোতয়ালি থানা পুলিশের এসআই আনিছুর রহমান খান জানান, আটক আব্দুস শুকুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন থানার এসআই ইলিয়াস হোসেন। দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।