বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে কথিত ৩ সাংবাদিক আটক

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে কথিত তিন সাংবাদিককে আটক করেছে পুলিশ।
বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী বলেন, তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে বৃহস্পতিবার ভূমি অফিসে এসে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
আটক সাংবাদিক পরিচয়ধারীরা হলেন, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তফা শিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উল হাসান বলেন, বাগেরহাট সদর উপজেলার ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বলেন, সাংবাদিকতা পেশার আড়ালে চাঁদাবাজি ও প্রতারণা, যা প্রকৃত সাংবাদিকদের জন্য লজ্জাজনক ও ক্ষতিকর।