শার্শায় ভর্তুকির সার বিতরণে ৭ জনের দুটি করে ডিলারশিপ!

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান।
আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, সমবায় অফিসার আব্দুর রাশেদ, যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, শার্শা থানার পরিদর্শক (তদন্ত )শাহ আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৯৪ সাল থেকে শার্শা উপজেলায় ১৯ জন ব্যবসায়ী সরকারি সুবিধা নিয়ে ভর্তুকির সারের ডিলারের দায়িত্ব পালন করছেন। যার মধ্যে ৭ জন ব্যবসায়ীর দুটি করে ডিলারশিপ আছে। তারা অনৈতিক সুবিধা ভোগ করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শার্শার ১৯ জন ডিলারের অধিকাংশ ব্যবসায়ী যশোরের নওয়াপাড়া শিল্পশহর, নড়াইল, যশোর ও খুলনার মানুষ। তারা নিয়োগ করা সাবডিলারের মাধ্যমে ৫০ শতাংশ সার শার্শার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে বিক্রি করেন। বাকি সার তারা কালোবাজারে বিক্রি করেন। ফলে কৃষকরা সরকারের ভর্তুকির সার পান না। এরা আওয়ামী ফ্যাসিস্টদের দোসর।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, শার্শা উপজেলার সরকারি ভর্তুকির সার ডিলারদের কর্মকান্ড মনিটরিংয়ের জন্যে সভা আহ্বান করা হয়েছিল। সভায় দেখা যায়, শার্শায় সরকারের নিয়োগকৃত ১৯ জন ডিলারের মধ্যে ৭ জন ব্যক্তির ১৪টি ডিলারশিপ রয়েছে। অনেকে মারা গেলেও তাদের নামে তা চলছে।
তিনি বলেন,বিষয়টি সঠিকভাবে মনিটরিং করে জেলা পর্যায় পাঠানো হবে। পরে সরকার সিদ্ধান্ত দেবে।