যশোরে কারেন্ট জাল ক্রেতা ও বিক্রেতাকে ৫৭ হাজার টাকা অর্থদণ্ড 

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড়বাজারে সোমবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালের ক্রেতা ও বিক্রেতাকে মোট ৫৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সুরক্ষা আইনে তাদেরকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

বেঞ্চ সহকারী সাইদুর রহমান জানান, জেলা প্রশাসনের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীনের নেতৃত্বে বড়বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সেখান থেকে একটি ভ্যানে করে ক্যারেন্ট জাল নিয়ে যেতে দেখা যাওয়ায় ক্রেতা ইয়াসিন আরাফাতকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ইয়াসিন আরাফাত অভয়নগর উপজেলার পাথালিয়া গ্রামের বাসিন্দা।

এছাড়া বাজারের দুটি দোকানে অল্প পরিমাণে কারেন্ট জাল পাওয়া যাওয়ায় একজন দোকানিকে ৫ হাজার টাকা এবং অপর দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।