ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মাথা চাড়া দিতে দেব না : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও বিষধর সাপের মতো ছোবল মারবে। সন্ত্রাসীরা কিছুদিন আগে গোপালগঞ্জে ছোবল দিয়েছে। তিনি সকলকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন, যাতে সন্ত্রাসীরা কোনোভাবেই মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায়। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘তাদের আবার জনগণের মুখোমুখি হওয়া কিংবা যুদ্ধ করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ আমরা দেব না।’

রোববার যশোর সদর উপজেলা যুবদল আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনে কোনো অনুপ্রবেশকারীর জায়গা নেই। আমরা কোনো যোগদান কর্মসূচি পালন করিনি, তাই দলে নতুন করে কারও সংযুক্ত হওয়ার সুযোগ নেই।”

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল নীতিকথা বলে, এমনকি ধর্মের কথা বলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের নিয়ে দল ভারি করছে। কিন্তু আমরা সেই কাজটি কখনো করব না, কারণ হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির। তাই বিএনপি এই কাজটি করবে না।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা তারেক রহমানের সহযাত্রী ছিলাম, এটা গর্বের বিষয়। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের সহযাত্রী হতে পারব, এটা নিশ্চিত নয়। তিনি স্পষ্ট করে দেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির আদর্শচ্যুত হবেন কিংবা তারেক রহমানের নির্দেশনা প্রতি পালনে ব্যর্থ হবেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামে অবদান থাকার পরও তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের সহযাত্রী হতে পারবেন না। দল সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কার্পণ্য করবে না।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের পরিচালনায় জরুরি সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু, মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।