মহম্মদপুরে আগুন পুড়েছে রমজান আলীর স্বপ্ন

0

মহম্মদপুর (মাগুরা)সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুরে দরিদ্র রমজান আলী পটুর স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যে স্বপ্ন বুনেছিলেন রমজান ও তার স্ত্রী। তাদের সংসারে ছিল দুটি গরু, পাঁচটি ছাগল ও বেশকিছু হাস-মুরগিই। এর ওপর ভর করে চলছিল তাদের সংসার। উঁকি দিচ্ছিল স্বপ্ন।

কিন্তু শনিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে তাদের সে স্বপ্ন শেষ হয়ে গেছে। রমজান আলী উপজেলা সদরের লাহুড়িয়া গ্রামের মৃত্যু আব্দুস সামাদ শেখের ছেলে।

রমজানের পরিবারিক সূত্রে জানা যায়, এই ভিটা ছাড়া তাদের কোনো জমি বা সম্পদ নেই। অন্যের জমিতে দিনরাত পরিশ্রম করে দুটি গরু, পাঁচটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগি পুঁজি করেছিলেন তারা। কিন্তু এদিন রাত দুইটার দিকে দরিদ্র রমজান আলীর গোয়াল ঘরে আগুন লাগে। এতে জীবন্ত ভস্মীভূত হয় হয় দুটি গরু, পাঁচটি ছাগল ও হাস-মুরগি।

আগুন লাগার পর পরই রমজান ও স্ত্রী লাকী বেগম আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় লাকী বেগমের একটি হাত পুড়ে যায়। কিন্তু রক্ষা হয়নি তাদের গরু, ছাগল ও হাঁস-মুরগি। এতে তাদের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে তারা জানান।

রমজান আলী পটু বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। সারাজীবন ধরে সম্বল হিসেবে যা করেছিলাম সব শেষ হয়ে গেল। এখন আমি কী করবো ভেবে পাচ্ছি না।

প্রতিবেশী লতিফুল খবির জানান, রমজানের সামান্য ভিটাটুকু ছাড়া আর কোনো সম্পদ নেই।